রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে সেটা করার সুযোগ রয়েছে। তবে আমরা সে ধরনের কোনো তথ্য জানি না।’

তিনি আরও বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। যদি কোনো ঘটনা ঘটে, তখন আমরা দেখব।’

এ সময় সাংবাদিকরা বিষয়টি শুধু গুঞ্জন নয়, বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাহলে আপনারা রাষ্ট্রপতিকেই জিজ্ঞেস করতে পারেন।’

সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় যা দেখেছেন এবং যে গুঞ্জন শুনছেন, আমিও সেটাই শুনেছি।’

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।