আন্তর্জাতিক ডেস্ক:
‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে মোদির বাসভবনের সামনে আয়োজিত বিক্ষোভে নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের সমালোচনা করেন।
সূত্র জানায়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী দলের কয়েকজন শীর্ষ নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে।
এর আগে সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজারো শিক্ষার্থী সংসদ ভবনের দিকে পদযাত্রা করেন। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, সরকার আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
