সশস্ত্র বাহিনী ঘিরে নানা ধরনের অপতৎপরতা হয়েছে: প্রধানমন্ত্রী

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীকে ঘিরে নানা ধরনের অপতৎপরতা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে। তবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীর জন্য পেশাদারত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, মর্যাদা ও সাহসের প্রতীক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত গৌরবময়, যা জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনাও সশস্ত্র বাহিনীর ওপর একটি বড় আঘাত ছিল, যা থেকে শিক্ষা নিয়ে বাহিনীকে আরও সুসংহত থাকতে হবে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করেও তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম উজ্জ্বল করেছেন। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের দুই লাখের বেশি সদস্য বিশ্বের ৪৩টি দেশের প্রায় ৬৩টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন।

বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী ১০টি মিশনে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। পাশাপাশি নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে এ অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।