গণমাধ্যমের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

শিরোনাম:

বিগত ১৭ বছরে সংবাদপত্র ও গণমাধ্যমের ওপর আরোপিত বিভিন্ন ‘কালো আইন’ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব আইন সংশোধনের লক্ষ্যে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করতে অতীতে প্রণীত বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংস্কার এনে সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।