নিজ সংবাদ:
দেশজুড়ে পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা। বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব যানবাহন কেনা হবে। এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই নতুন যানবাহনগুলো কেনা হচ্ছে। এসব পিকআপ যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
