বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রথম সাবেক রাজনীতিবিদ

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি ও তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদী বাংলাদেশে আসেন।

বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুলসি দাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ। এ সময় বেনাপোল বন্দর ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগমনের পর প্রয়োজনীয় ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করাই তার প্রধান লক্ষ্য। ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণে তিনি কাজ করতে চান।

তিনি আরও বলেন, “আমাদের শুধু অভিন্ন সীমান্তই নয়, অভিন্ন স্বপ্নও রয়েছে। ভালোবাসা, আস্থা ও আন্তরিকতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।” উল্লেখ্য, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হলো।