আন্তর্জাতিক ডেস্ক:
চাঁদের মালিক যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চাঁদের একটি ছবি পোস্ট করে তার ওপর ‘দ্য মুন ইজ আওয়ার্স’ বা ‘চাঁদ আমাদের’ লিখেছেন তিনি। ছবিটির পাশে যুক্তরাষ্ট্রের পতাকাও যুক্ত করেন ট্রাম্প।
চাঁদের ছবি প্রকাশের কয়েক মিনিট আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের নতুন কালো রঙের ইউনিফর্মের এআই-নির্মিত ছবি শেয়ার করেন। তিনি ইউনিফর্মগুলোর রং ‘স্পেস গ্রে, মিডনাইট ব্ল্যাক, সিলভার গ্রে এবং স্যাটিন ব্ল্যাক’ বলে বর্ণনা করেন। এতে কাঁধ ও কলারে বিভিন্ন প্রতীক, হাতায় প্যাচ এবং একটি বেল্ট রয়েছে।
ট্রাম্পের চাঁদের মালিকানা দাবি ও নতুন ইউনিফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ইউনিফর্মগুলোর সঙ্গে ‘স্টার ওয়ার্স’-এর ইম্পেরিয়াল সামরিক বাহিনীর পোশাকের তুলনা করেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে মঙ্গলগ্রহ ও সূর্যের মালিকানা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে আন্তর্জাতিক আইনে চাঁদের ওপর কোনো দেশের মালিকানা দাবির সুযোগ নেই। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটির আওতায় যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে সম্মত হয়। চুক্তিতে বলা হয়েছে, কোনো দেশ সার্বভৌমত্ব, ব্যবহার বা দখলের মাধ্যমে চাঁদ কিংবা অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর মালিকানা দাবি করতে পারবে না। ফলে ট্রাম্পের বক্তব্যটি চুক্তির বিধানের সঙ্গে সাংঘর্ষিক।
