নেতাকর্মীদের ফেলে অবসরে যাব না

নেতৃত্ব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শেখ হাসিনা

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, দলের নেতাকর্মীরা কঠিন সময় পার করছেন, এমন পরিস্থিতিতে তাদের ছেড়ে বিশ্রামে যাওয়ার প্রশ্নই আসে না।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন না। দলের পরবর্তী নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দেশ ছাড়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, সাম্প্রতিক ঘটনাবলিতে হতাশ হয়ে শেখ হাসিনা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি অবসরে যাওয়ার কথা ভাবছেন না। তার ভাষায়, “দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত। এমন সময়ে আমি কীভাবে বলি, বিশ্রামে যাচ্ছি ?”

দেশে ফেরার প্রসঙ্গেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশ পুনর্গঠনের প্রত্যয় নিয়েই তিনি দেশে ফিরতে চান। একই সঙ্গে তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ‘প্রাকৃতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার’ মধ্য দিয়ে যাচ্ছে। তবে দলটি পুনর্গঠিত হয়ে আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।