নিজ সংবাদ:
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কারাগারে থাকা ৬১ জন আইনজীবী কারামুক্তি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তারা ‘ইউনূসের বিচার চাই’ বলে স্লোগান দেন এবং নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার ও প্রতিকার দাবি করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ ও মামলা পরিচালনায় বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে কারাগারে থাকা অবস্থায় দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট তৌহিদ এবং অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুলসহ অন্যান্য আইনজীবীরা। বক্তারা তাদের দাবি আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
