আন্দোলনে উসকানির অভিযোগে তিন শ্রমিক নেতা আটক

বুধবার, নভে ৪, ২০২৬

নিজ সংবাদ:

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

ওসি সাইদুল ইসলাম জানান, চলমান শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা তৈরির বিষয়ে যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এর মধ্যে জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট থেকে হালিম ও মনসুরকে আটক করা হয়। তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।