বিনোদন ডেস্ক:
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছিল। বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে সেই জল্পনার অবসান ঘটান তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের অভ্যন্তরে অস্থিরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় একের পর এক নেতার পদত্যাগের ঘটনা সামনে আসছে। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও রাজ্যসভার সদস্যপদ ছেড়েছেন।
কোয়েল মল্লিকের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ নেমে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির ভেতরে চলমান সংকট আরও গভীর হতে পারে এবং সামনে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন।
উল্লেখ্য, দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা কোয়েল মল্লিকের নাম চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভার প্রার্থী তালিকায় দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। পরে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি রাজ্যসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
