ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই মন্ত্রী পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। একই অনুষ্ঠানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর।

এর আগে বুধবার (২২ জুলাই) খলিলুর রহমান যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। কূটনৈতিক সূত্র জানায়, এসব বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বর্তমানে খলিলুর রহমান ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার সৌহার্দ্য ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তিনি অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এ ধরনের বহুপাক্ষিক বৈঠক ও দ্বিপক্ষীয় সাক্ষাৎ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।