সংরক্ষিত আসন ইস্যুতে উত্তাল কাশ্মীর

পাকিস্তানে সংঘর্ষে নিহত অন্তত ১৫

শনিবার, জুন ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আঞ্চলিক আইনসভার সংরক্ষিত আসন বাতিলের দাবিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন সাধারণ নাগরিক এবং ৪ জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য আইনসভায় ১২টি আসন সংরক্ষিত রয়েছে। এই ব্যবস্থার বিরোধিতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠনের জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। সম্প্রতি সংগঠনটিকে রাষ্ট্রদ্রোহ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রা শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, আইনসভার উল্লেখযোগ্য সংখ্যক আসন এমন ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা বর্তমানে এই অঞ্চলে বসবাস করেন না। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মুজাফফরাবাদে একটি সামরিক এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২২ আরোহীর সবাই নিহত হন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ, নির্বিচারে গ্রেপ্তার এবং প্রাণঘাতী শক্তি ব্যবহারের সমালোচনা করেছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।