নিজ সংবাদ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারের অনিয়মের অভিযোগ, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে প্রধান মেডিক্যাল কর্মকর্তা (সিএমও) ড. শামসুর রহমানকে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নেতারা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রধান মেডিক্যাল কর্মকর্তার কক্ষের বাইরে তালা লাগিয়ে তাকে অবরুদ্ধ করা হয়।
জাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হুসাইন মুবারক বলেন, প্রধান মেডিক্যাল কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। দীর্ঘদিনেও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি জানান, তাদের দাবির মধ্যে রয়েছে সাত দিনের মধ্যে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ছয়জন ডিপ্লোমা নার্স নিয়োগ, মেডিক্যাল সেন্টারের অবকাঠামো উন্নয়ন ও ১০টি নতুন কক্ষ নির্মাণ, অপারেশন থিয়েটারের আধুনিকায়ন, দুটি নতুন অ্যাম্বুলেন্স চালু এবং মেডিক্যাল সেন্টারের পরিচালক হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া।
হুসাইন মুবারক বলেন, প্রশাসন তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এবং দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপের নিশ্চয়তা না মিললে পুরো মেডিক্যাল সেন্টার তালাবদ্ধ করে চিকিৎসাসেবা বন্ধের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, মেডিক্যাল সেন্টারের অনিয়মের অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
