বিনোদন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস হ্যান্ডি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ৮১ বছর বয়সী এই অভিনেতার হত্যাকাণ্ডের ঘটনায় তার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সকালে জেমস হ্যান্ডির বাসা থেকে ৯১১ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, তিনি একজন মানুষকে হত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিনেতাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তার বুকে একটি ছুরি গেঁথে ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন। তদন্তে জানা গেছে, তিনি জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে এবং একই বাড়িতে বসবাস করতেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। ‘টপ গান: ম্যাভেরিক’, ‘জুমানজি’, ‘লোগান’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: নিউইয়র্ক’, ‘দ্য ওয়েস্ট উইং’ ও ‘দ্য এক্স-ফাইলস’-সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেন।
তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’, যেখানে তিনি জিমি নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন।
