নিজ সংবাদ:
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের ঘটনায় শুরু থেকেই যে তথ্য–উপাত্ত ইনকোয়ারি করা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্য প্রমাণিত হওয়ায় আর কোনো নাটক সাজিয়ে রাখতে পারল না জামায়াতে ইসলামী। ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে জেলা ও কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে ওই ফুটেজকে এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও দাবি করা হয়। পরে এমপি নিজে অস্বীকার না করে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী আখ্যা দিয়ে আত্মীয় ও চাকরি সুপারিশের কাহিনি সাজাতে থাকেন।
এদিকে কাবিননামা ও ‘Unmarried’ লেখা বায়োডাটার তারিখের সংঘর্ষ, ধরা পড়ার মুহূর্তে কোথাও স্বামী–স্ত্রী পরিচয় না দেওয়া, এবং ভিডিওতে অতিরিক্ত ব্যক্তিগত ঘনিষ্ঠতা—সব মিলিয়ে মাঠে নেমে আসা ইনফরমাল ইনকোয়ারি যে ন্যারেটিভ দাঁড় করিয়েছে, তার সঙ্গে শেষ পর্যন্ত সাংগঠনিক তদন্তও মিলেছে। ফলে দলের অস্তিত্ব ও নৈতিক ভাবমূর্তি যখন সরাসরি সংকটে পড়ে গেল, তখন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুলকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং নির্বাচন কমিশনকে এ তথ্য জানাতে উদ্যোগ নিয়েছে।
শুধু এমপি বহিষ্কারেই বিষয়টি থামছে না। ঘটনাটিকে এআই বলে উড়িয়ে দেওয়া, তাকে নির্দোষ প্রমাণের জন্য দলীয় নেতাদের প্রকাশ্য সাফাই, আত্মীয়–স্বজন ও স্ত্রীর ভিডিও বার্তা দিয়ে ‘অবৈধ কিছু করিনি’—এই পুরো প্রপাগান্ডা–চেষ্টাও এখন নৈতিক স্খলনের নতুন প্রশ্নের মুখে পড়েছে। দলীয় অস্তিত্ব রক্ষার নামে একদিকে এমপিকে বহিষ্কার, অন্যদিকে তার পক্ষে আগে যেসব প্রচার চালানো হয়েছে—সেগুলোর ধর্তব্য–দায়িত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক জবাবদিহি এখন জামায়াতের জন্য আরেকটি অনিবার্য ধাপ হয়ে দাঁড়িয়েছে।
