নিজ সংবাদ:
ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে ধর্মীয় আবেগ ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। তাই সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।”
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ইসলামী ব্যাংকসংক্রান্ত বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অতীতে ব্যাংকটির নিয়ন্ত্রণ গ্রহণের সময় বিভিন্ন অনিয়ম হয়েছে এবং বর্তমানে সেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থেকেই কিছু গোষ্ঠী আন্দোলন করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা ও শেয়ার কাঠামো সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করতে কারা কত শতাংশ শেয়ারের মালিক, তা প্রকাশ করা প্রয়োজন।
তিনি জানান, বৈধ ও প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। একই সঙ্গে শেয়ার ক্রয়ের বৈধতা নিয়ে প্রয়োজন হলে তদন্ত ও আইনি প্রক্রিয়া চালানো যেতে পারে।
ব্যাংকের পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান নিয়োগ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইনে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ অপসারণের ক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে।
সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) এবং বড় অঙ্কের ঋণ বিতরণ নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, নির্বাচনের আগে প্রকল্পের আওতায় বিপুল অর্থ বিতরণ করা হলেও এর যথাযথ হিসাব পাওয়া যাচ্ছে না।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, অতীতে ব্যাংকটিতে ব্যাপক সংখ্যক কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ ও অস্বাভাবিক পদোন্নতির ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তদন্ত হলে অনিয়মের প্রকৃত চিত্র সামনে আসবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
