ক্রীড়া ডেস্ক:
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এবার আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য লিয়ান্দ্রো পারেদেস। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন পারেদেস। মেসির সিদ্ধান্ত, নিজের ওপর ফিফার নিষেধাজ্ঞা এবং জাতীয় দলের বর্তমান পরিস্থিতি—সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে জানান তিনি।
পারেদেস বলেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হতে পারে। নিষেধাজ্ঞা ও মেসির সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয় পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কোচের সঙ্গে এখনো এ বিষয়ে তার কথা হয়নি। শিগগিরই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
মেসির বিদায় মেনে নেওয়াও তার জন্য সহজ নয় বলে জানান পারেদেস। আর্জেন্টাইন অধিনায়কের উত্তরাধিকার স্মরণ করে তিনি বলেন, মেসির রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থাকবে। কখনো হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত তা পূরণ করার শিক্ষা তিনি রেখে গেছেন।
জাতীয় দলের জার্সিতে মেসিকে আর দেখা যাবে কি না, এমন প্রশ্নে পারেদেস বলেন, তারা সবসময় মেসিকে পাশে চেয়েছেন। তবে মেসি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা সতীর্থদের কেউই চাননি।
বিশ্বকাপ ফাইনালের পর মেসির সঙ্গে কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন পারেদেস। তার দাবি, তখনই মেসি ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালটি হয়তো জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু এমন সিদ্ধান্তের জন্য তারা প্রস্তুত ছিলেন না।
পারেদেসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আরেক কারণ ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদের ঘটনায় তাকে এ শাস্তি দেওয়া হয়। জরিমানা করা হয় ৯০ হাজার ডলারও। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে।
এরই মধ্যে ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার কোপা আর্জেন্টিনার শেষ ষোলোতে বোকা জুনিয়র্সের হয়ে ভেলেস সার্সফিল্ডের বিপক্ষে মাঠে নামার কথা তার।
