আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত আইআরজিসির এক সামরিক বিবৃতিতে বলা হয়, অভিযানে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এরোস্পেস ফোর্সের পরিচালিত হামলায় যুক্তরাষ্ট্রের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি সুরক্ষিত শেল্টারে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমানও সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ওই অঞ্চলে মার্কিন বাহিনীর রাডার নজরদারি সক্ষমতা দুর্বল করা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক তৈরি করা। তাদের দাবি, এর ফলে ভবিষ্যতে ওই অঞ্চলে আরও বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করা সহজ হবে।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবেও আইআরজিসির দাবি যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
