নিজ সংবাদ:
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনারের নামও রয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তা দাখিল করা হবে। এ মামলার তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ব্রিফিংও করা হবে।
তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার সকালে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। দিনভর সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশটি সরিয়ে দেওয়া হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।
