বোমা আতঙ্কে আটকে গেল ইন্ডিগো ফ্লাইট

তল্লাশিতে মিলল না কিছুই

শনিবার, জুন ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের লক্ষ্ণৌ বিমানবন্দরে বোমা থাকার হুমকিসংবলিত একটি চিরকুট পাওয়ার পর দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট উড্ডয়নের আগ মুহূর্তে আটকে দেওয়া হয়। পরে ব্যাপক তল্লাশি ও তদন্ত শেষে হুমকিটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

বৃহস্পতিবার ইন্ডিগোর 6E2111 ফ্লাইটটি প্রায় ১৮০ যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে লক্ষ্ণৌ থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগে বিমানের শৌচাগারে টিস্যু পেপারে হাতে লেখা একটি নোট পাওয়া যায়, যেখানে বিমানে বোমা থাকার দাবি করা হয়েছিল।

নোটটি পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তা প্রটোকল অনুসারে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং বিমানটিতে বিস্তারিত তল্লাশি চালানো হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ফলে বোমা থাকার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত হয় কর্তৃপক্ষ। তবে কে বা কারা ওই চিরকুট লিখে বিমানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর একদিন আগেও কেরালার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটকে ঘিরে একই ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। পরে তদন্তে জানা যায়, সেটিও বোমা হামলার হুমকি ছিল না; বরং একটি নোট ভুলভাবে ব্যাখ্যা করার ফলেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।