বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠা প্রার্থনা ফারদিন দীঘি এবার প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। এক পডকাস্টে তিনি জানান, জীবনে কখনো প্রেম করার সুযোগই পাননি।
সাক্ষাৎকারে উপস্থাপক জানতে চান, এ পর্যন্ত কয়টি প্রেম করেছেন তিনি। জবাবে দীঘি বলেন, ‘আমি ওভাবে কখনো প্রেম করিনি।’ এরপরও প্রশ্ন করা হলে হাসতে হাসতে তিনি বলেন, ‘আসলে প্রেম করার সুযোগই পাইনি।’
কেন এমনটি হয়েছে, তার ব্যাখ্যায় অভিনেত্রী জানান, স্কুলজীবনে তিনি খুব কঠোর পারিবারিক নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। তার ভাষায়, ‘ক্লাস সিক্স থেকেই অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি এসএসসির পর প্রথম মোবাইল ফোন ব্যবহার করেছি। সব সময় আমাকে খুব নজরদারিতে রাখা হতো।’
দীঘি আরও বলেন, তার পরিবারের সদস্যরা নিয়মিত স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার খোঁজখবর নিতেন। ফলে প্রেম করার মতো পরিবেশ বা সুযোগ কোনোটিই তৈরি হয়নি।
যদিও অতীতে তাকে ঘিরে একাধিক প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়। তবে সেসব গুঞ্জন বরাবরই অস্বীকার করেছেন এই অভিনেত্রী।
দীঘির দাবি, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। সাম্প্রতিক পডকাস্টেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি।
