ভরিতে সোনার দাম কমলো ৪ হাজার ৪৩২ টাকা

স্বর্ণ-রৌপ্যের দামে পতন

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার (১২ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দামে পতনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৪১ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৩ বার এবং রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই মূল্যবান এই দুই ধাতুর দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।