বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাবনূর ও পূর্ণিমার বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার একটি মুহূর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। চিত্রনায়িকা পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরকে নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যা ভক্তদের মন ছুঁয়ে গেছে।
রোববার (৭ জুন) প্রকাশিত ওই পোস্টে পূর্ণিমা শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু।”
তিনি আরও উল্লেখ করেন, পর্দার সাফল্যের বাইরেও শাবনূর একজন অসাধারণ মনের মানুষ। দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো সময়কে নিজের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে বর্ণনা করেন পূর্ণিমা।
পোস্টে তিনি শাবনূরের অভিনয়জীবনের প্রশংসা করে লেখেন, “বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি।”
ভিডিওতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তরা ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।
