নিজ সংবাদ:
দেশের শিক্ষা খাতে এবার ইতিহাসের অন্যতম বৃহৎ বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের জন্য ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের ৮৭ হাজার ২০৬ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সরকারের দাবি, দক্ষ মানবসম্পদ গঠন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত আরও শক্তিশালী করতেই এই বড় বিনিয়োগ।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে।
অর্থনীতিবিদদের মতে, শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ দীর্ঘমেয়াদে দেশের মানবসম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে উচ্চ বাজেট ঘাটতি ও ঋণনির্ভর অর্থায়ন কাঠামো অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করতে পারে বলে তারা মনে করছেন।
