নিজ সংবাদ:
সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রাকিবুল হুদা গ্রেপ্তার হওয়া আসামি আমিনুর রহমানকে আদালতে হাজির করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।
মামলার এজাহারে বলা হয়েছে, ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তিনি অভিযোগ করেন, তার এক আত্মীয়ার সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানিয়ে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় ওবায়দুর রহমানকে সন্দেহ করা হয়। এর জেরে গত ১৪ জুলাই তাকে কৌশলে একটি বাসায় ডেকে নিয়ে মারধর এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
