বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই আড়ালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তাকে কোনো শুটিং, অনুষ্ঠান কিংবা সামাজিক আড্ডায় দেখা না যাওয়ায় শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন—এমন আলোচনা ছিল ভক্ত ও গণমাধ্যমের মধ্যে। তবে এ বিষয়ে এতদিন কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিজেই জানিয়েছেন বুবলী। শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। পোস্টে তিনি অভিনেতা শাকিব খানকে ট্যাগ করে পরিবারের নতুন সদস্যের আগমনের খবর সবার সঙ্গে ভাগ করে নেন।
জানা গেছে, বর্তমানে বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দেড় মাস আগে তিনি সেখানে যান এবং নিউইয়র্কের লং আইল্যান্ড জিউইশ মেডিকেল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন।
ফেসবুক পোস্টে বুবলী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়ের জন্য সবার দোয়া কামনা করেন। সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শাকিব খান ও বুবলী।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও বুবলীর বিয়ে হয়। তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালে যুক্তরাষ্ট্রে। এবার দ্বিতীয় সন্তানের খবরও ভক্তদের সঙ্গে আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন এই তারকা দম্পতি।
