ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বুধবার (১০ জুন) দুপুরে সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিষয় এবং দেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদান নিয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় জামায়াতের প্রস্তাবিত ছায়া সরকার ও ছায়া বাজেটের বিষয়ও উঠে আসে। পাশাপাশি অভিবাসন প্রক্রিয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।