বিনোদন ডেস্ক:
আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এ আয়োজন করবে মেইন স্টেজ। কনসার্টে আতিফের পাশাপাশি পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ইতোমধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। ‘দূরি এরিয়া’র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’র টিকিটের দাম ১০ হাজার ৯৯৯ টাকা।
কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শক প্রবেশ করতে পারবেন। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর একই কনসার্ট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হলেও নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়েছিল। আয়োজকরা জানিয়েছেন, সে সময় যারা টিকিট কিনে রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেও অর্থ ফেরত পাননি, তারা চাইলে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।
মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, এবারের আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হবে।
