নিজ সংবাদ:
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তকে তারা সম্মান করেন এবং নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তি বা ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়া হবে। তারা আশা করছেন, জনস্বার্থ বিবেচনায় সরকার হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছিল, সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওই ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে রোগী স্থানান্তরের ক্ষেত্রেও সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, রোগীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
