শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নারায়ণগঞ্জের ১০ হত্যার মামলা

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই ধাপ শুরু হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথমে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপর সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক। শামীম ওসমানের পাশাপাশি অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে গত ১৩ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। একইসঙ্গে ১০ জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাঢ়া, সাইনবোর্ড ও আশপাশের এলাকায় ছয়জনকে হত্যা করা হয়। এছাড়া ২১ জুলাই ফতুল্লার ভূইগড় এলাকায় আরও দুজন এবং ৫ আগস্ট আরও দুজন নিহত হন।

চলতি বছরের ১৯ জানুয়ারি মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।