নিজ সংবাদ:
জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বহুল আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলাটি দায়ের করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। তার অভিযোগ ছিল, বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। তবে শুরু থেকেই নাসির ও তামিমা দাবি করে আসছিলেন যে, পূর্ববর্তী বৈবাহিক সম্পর্কের আইনগত সমাপ্তির পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব ও তামিমার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে একই বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন রাকিব।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন এবং নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করেন। পরে আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সবশেষে উভয় পক্ষের যুক্তিতর্ক, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন। এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত মামলার পরিসমাপ্তি ঘটল।
