সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

আপিল শুনানি ১৬ জুন

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা-সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর সাত আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন। পাশাপাশি তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ রায় বাতিল চেয়ে আপিল করে এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানায়। একই বিষয়ে পৃথক আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

মঙ্গলবার আপিল বিভাগে এসব আবেদন ও আপিলের ওপর একসঙ্গে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপাতত স্থগিত করেন এবং বিবাদীপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে পৃথক সচিবালয়ের কার্যক্রম শুরু হয়েছিল। তবে পরবর্তীতে জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন’ পাস হওয়ার মাধ্যমে সচিবালয় বিলুপ্ত করা হয় এবং এর কার্যক্রম আইন ও বিচার বিভাগের অধীনে হস্তান্তর করা হয়।

এখন আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।