নিজ সংবাদ:
আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত ও যোগ্যতা পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় যে কোনো যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কেউ দলীয় পরিচয় ব্যবহার করে বা কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না।
তিনি বলেন, “কোনো ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।”
আওয়ামী লীগের বর্তমান বা সাবেক পদধারীদের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই দলীয় পদ-পদবি ব্যবহারের সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত যোগ্যতা অর্জন করলে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সরকার প্রয়োজনীয় আইন ও বিধি অনুসরণ করবে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার চেষ্টা থাকবে।
