এলজিইডির কাজে হাতবদল বন্ধের ভাবনা

পিপিআর সংশোধনের চিন্তা করছে সরকার

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন প্রকল্পে বহিরাগত ঠিকাদারদের আধিপত্য ও কাজ বারবার হাতবদলের কারণে গ্রামীণ অবকাঠামোর মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। তারা স্থানীয় যোগ্য ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, এলজিইডির মাধ্যমে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হলেও অনেক ক্ষেত্রে স্থানীয় কাজ অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের দেওয়া হচ্ছে। এসব ঠিকাদার নিয়মিত তদারকি না করায় এবং স্থানীয় বাস্তবতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় কাজের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, মূল ঠিকাদার কাজ পাওয়ার পর তা একাধিক ধাপে অন্যদের কাছে হস্তান্তর করেন। ফলে প্রকল্প ব্যয় কমতে কমতে শেষ পর্যায়ে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়, যা জনগণকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত করছে।

জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলজিইডির সব কাজ সরকারি ক্রয় আইন (পিপিএ) ও সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী পরিচালিত হয়। তবে মাঠপর্যায়ের বাস্তব সমস্যার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মন্ত্রী জানান, কাজের হাতবদল ও নিম্নমানের নির্মাণকাজ রোধে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। স্থানীয় যোগ্য ঠিকাদাররা যাতে ন্যায্যভাবে কাজের সুযোগ পান এবং গ্রামীণ অবকাঠামোর গুণগত মান নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে বিদ্যমান পিপিআর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।