শিমুল ভূঁইয়ার অন্তর্বর্তীকালীন জামিন

আনার হত্যা মামলা

শনিবার, জুন ১৩, ২০২৬

নিজ সংবাদ:

কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশের পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেন।

আদালত সূত্র জানায়, মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা শিমুল ভূঁইয়ার জামিন আবেদনের শুনানি শেষে তাকে সাময়িক জামিন দেওয়া হয়। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট বিষয়ে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ মে ভারতের কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয় বলে তদন্তে উঠে আসে। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার তদন্ত চলাকালে ২০২৪ সালের ৫ জুন দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আমানুল্লা সাঈদ, যিনি শিমুল ভূঁইয়া, শিহাব ও ফজল মোহাম্মদ ভূঁইয়া নামেও পরিচিত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দুই দেশে ব্যাপক আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তে বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে তথ্য আদান-প্রদান করে। মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়াধীন রয়েছে।