বক্স অফিসে ঝড় তুলেছে ‘পেড্ডি’

চার দিনেই আয় ২৩৩ কোটি রুপি

শনিবার, জুন ১৩, ২০২৬

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণের বহুল প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা চলচ্চিত্র পেড্ডি মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয় ঊর্ধ্বমুখী থাকায় এটি বছরের অন্যতম সফল তেলুগু সিনেমা হিসেবে আলোচনায় এসেছে।

ফিল্ম ট্রেড বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মাত্র চার দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপিতে। মুক্তির প্রথম দিনের পর দ্বিতীয় দিনে আয় কিছুটা কমলেও তৃতীয় দিনে আবারও জোরালো প্রত্যাবর্তন করে পেড্ডি। রবিবার ছবিটির আয় প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পায় এবং চতুর্থ দিনেও সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকে।

ট্রেড বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বব্যাপী প্রথম তিন দিনেই ছবিটি ১৯০ কোটির বেশি রুপি আয় করেছে। তবে নির্মাতাদের দাবি, বৈশ্বিক বাজারে পেড্ডি ইতোমধ্যে ২৩৬ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। এ অবস্থায় খুব দ্রুতই ছবিটি ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তেলুগু ভাষার এই ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। টানটান অ্যাকশন, আবেগঘন গল্প এবং চমৎকার নির্মাণশৈলীর কারণে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে পেড্ডি। ফলে সপ্তাহজুড়েই ছবিটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন হল মালিক ও বিশ্লেষকেরা।