আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত আরেক যুবক

শনিবার, জুন ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার বড় গাংনী ইউনিয়নের নান্দোবার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ নাফিজ আহমেদ। তিনি নান্দোবার গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে। আহত যুবক মো. নাহিদ আহমেদ, যিনি নিহত নাফিজের চাচাতো ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বৃষ্টির সময় দুই চাচাতো ভাই নিজেদের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে নাফিজের অবস্থার অবনতি হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অপরদিকে আহত নাহিদ আহমেদকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় নান্দোবার গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহত নাহিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রাকৃতিক দুর্যোগের এ ঘটনায় একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে।