কুষ্টিয়ায় বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

 

হাসানুজ্জামান রাজীব \ পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীর্ঘ এক দশক ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার মজমপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি। গতকাল বুধবার সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবী। আয়োজকরা জানান, দেশের পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডি ক্লিন গত ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বছর সারা দেশে প্রায় ৯০০টি স্থান পরিষ্কার করার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও পরিচ্ছন্নতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে একত্রিত হয়েছেন সংগঠনের সদস্যরা। বিডি ক্লিনের কার্যক্রম পরিচালিত হয় স্বেচ্ছাসেবীদের সাপ্তাহিক চাঁদার অর্থে। তবে দেশের প্রতিটি অঞ্চলে পরিচ্ছন্নতা ও সচেতনতার এই আন্দোলন আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান, সচেতন ও দায়িত্বশীল নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এবারের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে ১০টি ভিন্ন সামাজিক বার্তা বা ট্যাগলাইনকে সামনে রেখে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— “পরিচ্ছন্ন মানসিকতার মানুষ চাইতে এসেছি”, “মানুষের প্রতি মানুষের সম্মান চাইতে এসেছি” এবং “মানবিক বাংলাদেশ চাইতে এসেছি”। এসব বার্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করছে সংগঠনটি। স্বেচ্ছাশ্রম, সামাজিক দায়বদ্ধতা এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে এক দশকের পথচলায় বিডি ক্লিন পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নকে আরও শক্তিশালী করেছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং নতুন প্রজন্মকে দায়িত্বশীল, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন স্থানে পরিচালিত এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে এবং পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গঠনের আন্দোলনকে আরও বেগবান করবে।