চার সন্তানকে আইনি নোটিশ

মিরপুরে বৃদ্ধার মৃত্যু

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর মিরপুরে নুরুজাহান বেগম নামে এক প্রবীণ নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার চার সন্তানের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি) বুধবার (৩ জুন) এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঘটনাটি কেবল একটি পারিবারিক ট্র্যাজেডি নয়; বরং এটি প্রবীণ নাগরিকদের অধিকার, পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক নৈতিকতা এবং আইনের শাসনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানের ১৫, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের মানবিক মর্যাদা ও নিরাপত্তার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তার আলোকে প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও পরিবারের যৌথ দায়িত্ব।

নোটিশপ্রাপ্তরা হলেন খুলনা সমুদ্র বন্দরের যুগ্মসচিব ড. এ কে এম আনিসুর রহমান, বুয়েটের অধ্যাপক ড. এ কে এম আশিকুর রহমান, কানাডাপ্রবাসী কে এম আতিউর রহমান এবং স্কুলশিক্ষিকা ফাতিমা নাসরিন সুলতানা। তাদের সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, নুরুজাহান বেগমের ভরণপোষণ, চিকিৎসা, পরিচর্যা ও সার্বিক তত্ত্বাবধানে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। পাশাপাশি মৃত্যুর আগে তার সঙ্গে যোগাযোগ, খোঁজখবর এবং দীর্ঘ সময় একাকী অবস্থানের বিষয়ে সন্তানরা অবগত ছিলেন কি না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এই ঘটনা দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়িত্বে অবহেলা থাকলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে। তবে নোটিশের উদ্দেশ্য কাউকে দোষী সাব্যস্ত করা নয়, বরং সত্য উদ্ঘাটন ও জবাবদিহিতা নিশ্চিত করা।