কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় ৩ জুন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, কুয়েত সরকারের আইন অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের কোনো ছবি বা ভিডিও ধারণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে হামলার পর আহতদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সাম্প্রতিক এই ঘটনার পর কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি পর্যবেক্ষণে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে জানানো হয়েছে।