নিজ সংবাদ:
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন নির্দেশনা অনুযায়ী দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে।
সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
এর আগে বুধবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের বলেন, মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রবীণ নাগরিকদের প্রতি পারিবারিক দায়িত্ব, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এ ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
