নিজ সংবাদ:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার রাজনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী ৪ জুন শুরু হওয়া এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কূটনৈতিক মহলের মতে, সফরটি শুধু আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমর্থনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় স্থান পেতে পারে।
সূত্রগুলো আরও বলছে, গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেয়। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হাকান ফিদানের এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
