আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, বৃহস্পতিবার যুক্তিতর্ক

রামিসা হত্যা মামলা

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। মামলার পরবর্তী ধাপ হিসেবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “আমি নির্দোষ স্যার। আমাকে মাফ করে দিন। আমি একা দোষী নই।” একই সঙ্গে তিনি খালাসও প্রার্থনা করেন।

অপর আসামি স্বপ্না খাতুনও আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি কিছু করিনি।”

এর আগে মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। নিহত রামিসার বাবা-মা, বড় বোন, স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এরপর রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ সমাপ্তির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল রানা।

মামলাটির বিচার এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।