১১৪ নতুন রাফাল যুদ্ধবিমান কিনতে চায় ভারত

চীন-পাকিস্তান সীমান্ত উদ্বেগ

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্কোয়াড্রন ঘাটতি পূরণের লক্ষ্যে ফ্রান্স থেকে আরও ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি। এ লক্ষ্যে ভারত ইতোমধ্যে ফ্রান্স সরকারের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই চুক্তি বাস্তবায়িত হলে বিমানবাহিনী ও নৌবাহিনী মিলিয়ে ভারতের মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ১৭৬টিতে। ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এমন এক সময় এই উদ্যোগ সামনে এসেছে, যখন ভারতীয় বিমানবাহিনীর অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের বিপরীতে বর্তমানে সক্রিয় রয়েছে মাত্র ২৯টি। পুরোনো মিগ-২১সহ কয়েকটি যুদ্ধবিমান ধাপে ধাপে অবসরে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে।

প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে ২০টি সরাসরি ফ্রান্স থেকে সরবরাহ করা হবে। বাকি ৯৪টি ভারতের মাটিতে যৌথ উৎপাদনের মাধ্যমে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ফরাসি নির্মাতা দাসো অ্যাভিয়েশন ভারতের কোনো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে পারে।

বর্তমানে চার দিনের সফরে ফ্রান্সে রয়েছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। সফরকালে তিনি দাসো অ্যাভিয়েশন ও ক্ষেপণাস্ত্র নির্মাতা এমবিডিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন এবং ভারতীয় অস্ত্র ব্যবস্থার সংযোজন নিয়ে আলোচনা হতে পারে।

বিশ্লেষকদের মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে এটি শুধু ভারতের সামরিক শক্তিকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।