‘হেক্সা’ মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে আনসেলোত্তির ব্রাজিল

লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা

বুধবার, জুন ৩, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে নিউ জার্সিতে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি বলেন, বিশ্বকাপের মতো আসরে একাধিক দল শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে ব্রাজিল ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। দলের লক্ষ্য প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উপহার দেওয়া।

এরই মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মার্কুইনহস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। তাদের যোগদানের মাধ্যমে এখন কোচ আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিউইয়র্ক রেড বুলসের অনুশীলন কেন্দ্র কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে প্রস্তুতি চালাবে ব্রাজিল। টুর্নামেন্ট শুরুর আগে মিশরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সেলেসাওরা।

আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

ইউরোপীয় ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির জন্য এটি প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাঁর প্রধান লক্ষ্য, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে এনে বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি দেশে ফিরিয়ে নেওয়া।