আন্তর্জাতিক ডেস্ক:
জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব প্রকাশ করে। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
মার্কিন প্রশাসনের দাবি, জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার ও ন্যায্য বাণিজ্য ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে। তাই অন্যায্য বাণিজ্য চর্চা রোধে ‘ধারা ৩০১’-এর আওতায় পরিচালিত দীর্ঘ তদন্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্যসহ ১৫টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে তদন্তাধীন বাকি ৪৫টি দেশের পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর করার সুপারিশ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন চাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে রপ্তানিনির্ভর দেশগুলোর জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এখন প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট মহলের মতামত গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
