আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বুধবার, জুন ৩, ২০২৬

 

শাহ আলম মন্টু \ আলমডাঙ্গা ফাতেমা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল দুই শতাধিক এর বেশি নারী ও পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার (২জুন) সকাল নয়টার দিকে আলমডাঙ্গা শহরের ফাতেমা টাওয়ারে এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে এই সেবা কার্যক্রম। মেডিকেল ক্যাম্পে জেলা ও উপজেলার অভিজ্ঞ ৬ জন চিকিৎসক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও দন্তরোগ বিশেষজ্ঞরা। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। দিনব্যাপী এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাতেমা মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মনজুর আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল হক মালিক, এ্যাড. মোসলেম উদ্দিন সিনিয়র এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস রাজশাহী ডিভিশনের ডিস্ট্রিবিউশন ডেপুটি ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল  বলেন, “অর্থাভাবে অনেক মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।” দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এলাকার দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।