ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সমাবেশ

চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবি

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পুনর্বহালসহ সাত দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক, শেয়ারহোল্ডার ও বিভিন্ন ব্যবসায়ী অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি এবং পরিচালনা পর্ষদে পরিবর্তন নিয়ে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

গ্রাহক ফোরামের উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে— চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ, সাবেক এমডি ওমর ফারুক খানের পুনর্বহাল, ব্যাংক লুটপাটে জড়িত কাউকে পরিচালনা পর্ষদে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলে থাকা সম্পদ বিক্রির মাধ্যমে ক্ষতি সমন্বয় এবং ব্যাংক খাতে অনিয়মে জড়িতদের বিচার নিশ্চিত করা।

সমাবেশে সভাপতির বক্তব্যে গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরু নবী মানিক বলেন, ব্যাংকের প্রকৃত মালিক ও পরিচালকদের উপস্থিতিতে প্রধান কার্যালয়ে বোর্ড সভা হওয়া উচিত। তিনি দাবি করেন, ভার্চুয়াল বোর্ড সভা নিয়ে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠেছে।

বক্তারা আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের সমালোচনা করে ভবিষ্যতে এমন কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রাহকদের উদ্বেগ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।