দেবিদ্বার হাসপাতালে হাসনাত আবদুল্লাহর আকস্মিক পরিদর্শন

অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন। হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান তিনি। অনুপস্থিত চিকিৎসকরা হলেন— মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালট্যান্ট ডা. কাজী আয়শা সিদ্দিকা।

এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন সংসদ সদস্য। তিনি বলেন, রোগীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি।

পরে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে। জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বিধি অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অভিযুক্তদের আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পরিদর্শন শেষে হাসনাত আবদুল্লাহ জানান, হাসপাতালে কিছু অনিয়ম তার নজরে এসেছে। তিনি প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসকদের ব্রিফিং সভা আয়োজন এবং উপস্থিতির তালিকা নিয়মিত তার কাছে পাঠানোর নির্দেশ দেন। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।